অবহেলার আত্মকথন

বাবা (জুন ২০২৬)

Sunil Akash
  • 0
  • 0
  • 0
হাতের লাঠিটা আগের মতোই আছে- কালের করাল গ্রাসে ক্ষয়ে যাওয়া।
সুপার গ্লু দিয়ে জোড়া দেয়া হাতলওয়ালা চশমা
কিংবা রঙ উঠে বিবর্ণ, ন্যাতানো শাল
আর ফাটা গ্লাসের ছোট্ট আয়নাটা-
সুন্দর করে সাজিয়ে রেখেছি জং-ধরা পেটরাটায়।
বাবা, তোমার প্রতি আমার অবহেলার নিদর্শন ওসব!

ছোটবেলার কোনো এক ঈদে নতুন জামা কিনে দিতে পারো নি;
বন্ধুদের কাছে ‘মান’ যাওয়ার খেদ বয়ে চলেছি বহুবছর।
কতবার নিজেকে শুনিয়েছি, কতবার তোমায়।
তোমার অক্ষমতাকে অভিসম্পাত দিয়েছি।
তুমি শুনেছ, উদ্ধত আচরণের জন্যে বকেছ
কিন্তু কোনোদিনও দেখাও নি পর্দার আড়ালের দৃশ্যগুলো-
বছরকে বছর পুরনো জামা পরে ঈদ চালানো
কিংবা নিজের ছেঁড়া জুতো মুচিকে সেলাতে দিয়ে
আমার জন্যে নতুন জুতো কিনতে দোকানে ঢোকা,
দশটা টাকা বাঁচাতে ব্যাগভর্তি বাজার হাতে
খা খা রোদ মাথায় নিয়ে ঘরে ফেরা সেই তুমিই
নিজে হাতে আমাকে পরিয়ে দিয়েছ বাহারি ক্যাপ।
পানি জমে ফুলে ওঠা পা নিয়ে ডাক্তারের চেম্বারের চেয়েও
যাওয়া বেশি জরুরি মনে করেছ আমার স্কুলে, ফিস দিতে।

মায়ের চেহারাটা স্পষ্ট মনে করতে পারি না বাবা!
এ-আমার স্মৃতির দুর্বলতা নয়
এ তোমার একসাথে বাবা-মা দুই সত্ত্বার ধারণের ‘দায়’!
সন্তানকে পেটে তো ধারণ করো নি
কিন্তু জীবনটাভর তার পছন্দ-অপছন্দকে হৃদয়ে ধারণ করেছ তুমি!

সারাজীবন আমায় খোকা খোকা ডাকা তুমি
বার্ধক্যে নিজেই ‘খোকা’ হয়ে গেছিলে, আমি বুঝি নি।
আমার সব সুখ-দুঃখ নিজের খোকার ভেতরে খুঁজেছি
হয়ত অভিমান নিয়েই চলে গেলে,
রেখে যাওয়া তোমার লাঠি, চশমা, আয়না, শাল, পেটরা…
সবকিছুতেই আমি শুধু আমার অবহেলাকেই দেখতে পাই, বাবা!

শৈশবে একটা ঈদে জামা না পাওয়ার আক্ষেপ
নিজে বাবা হওয়ার পর ভুলে গেছি, বাবা;
কিন্তু তোমায় যে অবহেলা করলাম, তার আক্ষেপ ভুলব কী করে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বাবার প্রতি অবহেলার আক্ষেপ নিয়ে লিখেছি

২৫ নভেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬