শুভ নববর্ষ এসেছে দেখ নতুন বছর ঘুরে
দুঃখ যাতনা যত আছে বেদনা,
সব চলে যাক, দুরে বহু দুরে-
অন্তরেতে থাকুক শুধুই নববর্ষের প্রেরণা।
তাক ধুমা ধুম ঢোল বাজে
আর কত বাদ্য, বাঁশি, একতারা আর সেতার,
যাত্রাপালা, নাগর দোলায় সবাই ব্যস্ত , যে যার কাজে-
আনন্দ যজ্ঞে সবাই মেতে, খবর রাখবে কে কার?
মুড়ি, মুড়কি, কদমা, বাতাসা
আরো আছে গজা,
মাটির পুতুল , মাটির কলস মেলায় কত খেলনা ঠাসা-
চারিদিকে মজা শুধুই মজা।
প্রখর রোদে ঘুরে ঘুরে
ক্লান্ত, শ্রান্ত মন চাইবে আসন যখন,
বটতলার ঐ বেদী জুড়ে-
হাতের রঙিন তালপাখাটা মন জুড়াবে তখন।
কিশোরী, তরুণী আরও কত নারী
হাতে বালা আর পায়ে দিয়ে মল,
রঙিন সাজে সব সেজেছে কত বাহারি-
বৈশাখী মেলা দেখতে সবাই চলছে বেঁধে দল।
বেশভূষায় আর পান্তা ইলিশ খেয়ে কেউ, খাঁটি বাঙ্গালী সাজে
ঐ একটি দিনেরই তরে,
বাঙ্গালির সম্মান রাখবে অক্ষুণ্ণ সব কাজে-
নববর্ষেরও শেষে, সারাটি বছর ধরে।
হিন্দু , মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান
সবাই যেন আজ সবার আপন,
সবারই কণ্ঠে বাজে নববর্ষের জয়গান-
এভাবেই একসাথে সবাই করে নববর্ষ উদযাপন ।।