আমার এখন বিস্তর মাঠ আছে সে মাঠে ফলে আরশির মতো চকচকে ভাত। মুখচ্ছবি দেখি বজ্রমুষ্টির সানকির ভাতে ভাতগুলো নাচে অ আ বর্ণমালার মতো; আমার হাতে সানকির ভাতে।
আমি নির্বিঘ্নে চষি কলমের ফলায় প্রানে প্রানে মাঠ বিস্তার করি যেমন বিস্তার করতে রফিক বরকত সালাম কেটেছিল আগুনের জঙ্গল; সেখানে প্রতিদিন বর্ণমালা ফলাই আমি- প্রতিদিন বাঁচি বর্ণমালার সাথে সানকির ভাতে।
এখন অনেক স্বপ্ন পুষি পোষা বেড়ালে দেই দুধভাত পুষি গরু, লাঙল, রোদ জলের গতর; কবিতার খাতায় পুষি বর্ণমালা পুষি শহীদ দিবস আত্মার ভেতর।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।