জন্মভূমি হতে বহুদূরে, বন্দী আমি কারাগারে.
আসছে নতুন বছর আবার, চরণ-ধ্বনি শুনি যে তার...
কি যে করি, কোথা যে যাই, বাংলার রূপ দেখিবারে চাই.
হাতছানি দেয় সবুজ অগাধ, ফোটা শাপলারে হেরিবার সাধ.
আলের পথেতে সুন্দরী বধূ, কাঁখেতে কলস, বুক ভরা মধু,
ছোট ছোট গ্রাম, ঘেরা ঝোপ-ঝাড়ে, পাখির কূজন, জোনাকিরা ওড়ে.
এমন দেশটি কোথাও খুঁজে পাব নাক' আমি,
বঙ্গ মায়ের সন্তান আমি, জননী বঙ্গভূমি.
নৌকো বাইছে মাঝি, গলায় ভাটিয়ালির সুর,
উন্মনা প্রাণ যায় যে উড়ে শূন্যে, বহুদূর.
ওই যে হোথায় পালকি চলে, হুন হুনা রে হুন হুনা,
ছোট্ট ছেলে ছোটে পিছে, মন হল রে আনমনা.
ঋতু বদল অনুভবি, রয়েও বিদেশ খানে,
প্রখর গ্রীষ্মে রসের অভাব, বর্ষায় বান হানে.
এসেছে শরত হিমের পরশ, দুর্গা পুজোর গন্ধ,
হেমোন্তিকার আঁচল ওড়ায় পবন মৃদু মন্দ.
পৌষ এলো, মাঘী বরষায়, ধন্য রাজার পুণ্য দেশে,
ঋতুরাজের আগমনে, রঙে সাজে প্রকৃতি সে.
মন করে ধু ধু বসিয়া বিতানে,
প্রাণ ধেয়ে চলে বাংলার পানে.