যাই চলে পৃথিবীর প্রান্ত শেষের রেখায়,
সব রং মিলেছে সেখানে, গগন প্রান্ত শুধায়-
"বন্ধু, আমি তোমারই অপেক্ষায় আছি বহুদিন ধরে,
এতদিন পরে এলে তুমি, কত বহুদেশ ঘুরে,
আমি তোমার সঙ্গে যদি যেতে চাই সেই সে নদীর স্রোতে,
নেবে কিগো তুমি, সঙ্গে আমায়, কোনো এক নিধি রাতে?"
বলি তাকে আমি, একটুকু থেমে, "তুমি বন্ধুগো মোর,
তোমার সাথে নিয়ে চল যাই, তোমার সাজানো ঘর.
সেই ঘরে বসে দেখি প্রাণ ভরে, রাম্ধনুদের খেলা,
সাধ বড় আজ, দেখব তোমার মেঘেদের যত মেলা."
সুচতুর হেসে বন্ধু গগন, বলে প্রাণ ভরে ডেকে,
চল, আজ তোমায় নিয়ে যাব মোর দুয়ার সাজানো মেঘে.
আকাশের যত তারার সঙ্গে খেলে নিও যত খেলা,
কতদিন রবে, আমার ঘরেতে, শেষ হবে নাকো বেলা.
শুনে হাসি আমি, এই বন্ধুকে মোর, দেখিনি কখনো খুঁজে,
আজ মনে হয়, শিয়র ঠেকাই, এই বন্ধুকে পূজে.
বলি তারে আমি, "বন্ধু আমার, ভুলিব না কোনদিন,
আজ যে প্রাণ ভরালে আমার, শোধ যাবেনাকো ঋণ.
বিদায় বলে সে হাসলো আমায় চেয়ে, বলে গেলোনাকো আর,
শুধু বলে গেল হাসির ঠমকে, যত প্রিয় কথা তার.
বুঝে নেই আমি, স্রোতে ভেসে ভেসে, এসেছি ভাগ্য গুনে,
পেয়েছি বন্ধু, এমন প্রানের, যেন কোন এক ধ্যানে.