কার কাছে যাবো আমি?
কে আছে আমার চোখে তার চোখ রেখে রাত করে দেবে পার?
বুকের কম্পনগুলো অতি যত্নে বুক পেতে করে নেবে তার।
কে আছে আমার আর দীর্ঘশ্বাস ছাড়া পাশে, বুক ছুঁয়ে কে সে;
বহুদিন ধরে জমা বুকভরা বেদনাকে নেবে ভালোবেসে?
আমার খাতায় লেখা অকবিতা পড়বে কে প্রাণমন ভরে ;
কতদিন খুঁজি তারে; পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, কতযুগ ধরে!
ভরা পূর্ণিমার রাতে- কে আমার সঙ্গী হবে, একান্তে আমার;
কার কাছে যাবো আমি? এমন একান্ত কেউ আছে কী আমার?
শতকোটি মানুষের ভীড় থেকে খুঁজে খুঁজে কে নেবে আমায়;
কার চোখে ঘুম নেই ; কে তার জীবনভর আমাকেই চায়?
কার কাছে যাবো আমি?
কে আমায় পেলে তার সব আশা মিটে যাবে জনমের তরে;
কতদিন খুঁজি তারে; কত দীর্ঘ সাধনায়, কতযুগ ধরে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।