বৃষ্টিধোয়া কথামালা

বৃষ্টি ও প্রেম (সেপ্টেম্বর ২০২০)

Jamal Uddin Ahmed
  • ১৮৬
তোমায় আমি বলেইছিলাম, মনে আছে?
ছয় বেহারার পালকি নেই, ময়ূরপঙ্খি নাও নেই
কিংবা কোনো জুড়ি গাড়ি – তবু তুমি এসো;
সপ্তবর্ণের সাঁকোয় চড়ে সাত সমুদ্র তের নদীর
ওপার থেকে এসো।
বলেছিলাম, শেষ বিকেলের আবীর মেখে গায়ে
চাঁদের বুড়ির সুতোয় ঝুলে ঝপাৎ করে
এক সন্ধেয় বকুল তলায় পড়ো।

আমি তোমায় বলেছিলাম, পড়ে মনে?
হাওয়াই জাহাজ কোথায় পাব? মেদুর হাওয়ায়
ভাসতে ভাসতে নেমে যেয়ো নূপুরপায়ে
মেঘমল্লার টিনের চালায়।
জানো তুমি, ইন্দ্রজালের মদির ছোঁয়া বুনে যাবে
রিমিঝিমি রেশমি রুমাল তন্দ্রামাখা -
বাইরে তখন ভীষণ জলজ মায়া।

কানে কানে বলেছিলাম, আছে মনে?
সোনার টিকলি সেতো নেই, ছুঁইয়ে দেব আলতো করে
বৃষ্টিভেজা কদম্বফুল – আদুরে জল কয়েক ফোঁটা
গণ্ডদেশে বিছিয়ে দেবে রূপোর ঝর্ণাধারা।
কথা ছিল, তুলে নেব তৃষ্ণা-ঠোঁটে সবটুকু জল
এঁকে দেব মেঘলা মুখে রোদেলা আকাশ -
আলোর রেখা কপাল কপোল চোখে।

আরোও কীসব বলেছিলাম, খুঁজছি সেসব।
তুমি এলেই আসবে ফিরে, জানি;
হারিয়ে যাওয়া কথাগুলো জমা আছে
তোমার বুকের অতল কোনোখানে।
এসেই যদি যাও, দেখবে ঠিকই গভীর জলে
নেমে যাব; আনব তুলে সবগুলোই
কথার যত মণি-মুক্তো-মালা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra ভাল লিখেছেন।চালিয়ে যান।
ফয়জুল মহী অনবদ্য প্রকাশ । মনোলোভা কথার চয়ন।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০২০
অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০২০

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৮৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬